তার কথোপকথনের খণ্ডিত একটি অডিও ক্লিপ বিকৃতভাবে প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘বেসরকারি দুটি টেলিভিশন চ্যানেল সেটি প্রচার করে ভুলভাবে ব্যাখ্যা করেছে। এতে আমার সম্মানহানি ও জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘অডিওটির প্রথম অংশের কথোপকথন ছিল আমার পরিচিত এক ভাইয়ের সঙ্গে। যেখানে আমার খালার কনস্ট্রাকশন ফার্মের ১৩ কোটি টাকার একটি কাজের ব্যাংক গ্যারান্টি নিয়ে আলোচনা হয়েছিল। এটা একান্তই ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসাসংক্রান্ত একটি বিষয়। কিন্তু দুটি টেলিভিশন চ্যানেল বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করেছে। সেখানে বলা হয়েছে, আমি প্রকল্প কর্মকর্তার সঙ্গে ১৩ কোটি টাকার ঠিকাদারি কাজ নিয়ে তদবির করছি। একইভাবে একটি অনলাইনেও এই সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, আমি কোনো প্রকল্প কর্মকর্তার সঙ্গে কথা বলিনি কিংবা কোনো তদবিরও করিনি।’
ডাকসুর ভিপি বলেন, ‘আরেকটি চ্যানেল প্রচার করেছে যে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বিএনপি নেতার কাছে আমি আর্থিক সহযোগিতা চেয়েছি। কিন্তু প্রকৃত ঘটনাটি ছিল অন্য রবম। জনৈক প্রবাসী ফোন করে আমাকে সহযোগিতার কথা বলেন। কিন্তু বিষয়টি আমি নাকচ করে দিই। পুরো ফোনালাপ শুনলে এর সত্যতা পাওয়া যাবে।’
ভুল সংবাদ পরিবেশন করায় সংবাদমাধ্যম দুটিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তথ্য বিকৃত করে ভুল সংবাদ পরিবেশন করায় সংবাদমাধ্যমগুলোকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে তথ্যের সত্যতা নিশ্চিত করে খবর প্রচার ও প্রকাশের আহ্বান জানাচ্ছি। অন্যথায় এ গণমাধ্যমগুলোকে বর্জনসহ আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে ছাত্রসমাজ।’
গত মঙ্গলবার দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমে নুরুল হকের সঙ্গে দুজন ব্যক্তির কথোপকথনের অডিও প্রচারিত হয়। অডিওটিতে দুজনের সঙ্গে অর্থ লেনদেন নিয়ে কথা বলতে শোনা গেছে। ঘটনার পরপরই নুরুর পদত্যাগের দাবিতে গত বুধবার ডাকসু ভবনে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয় মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। এর আগে নুরুকে গ্রেপ্তারের দাবিতে ডাকসু ভবনের সামনে মানববন্ধন করে তার কুশপুত্তলিকা দাহ করে তারা।