চাঁদপুরে শিক্ষামন্ত্রী

শিক্ষার মান বাড়াতে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে

শিক্ষার মান বাড়াতে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এজন্য যুগোপযোগী পাঠ্যক্রম তৈরি, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া এবং শিক্ষাঙ্গনের পরিবেশ আরও উন্নত করা হচ্ছে। শিক্ষার মান নিশ্চিত করার জন্য ব্যাপক কার্যক্রম নেওয়া হয়েছে। গত দশ বছরে সরকার শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কাজ করেছে।

তিনি গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি করতে চাই। তাদের চতুর্থ শিল্পবিপ্লবের জন্য তৈরি করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।