নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পদযাত্রায় পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতাসহ সিপিবির জেলা পর্যায়ের নেতাকর্মীরা আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁয়ের হামছাদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিপিবি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ ১৭ দফা দাবিতে সারা দেশে পদযাত্রা করছে সিপিবি। এরই অংশ হিসেবে সোনারগাঁয়ে গতকাল বিকেলে উপজেলার উদ্ধবগঞ্জ থেকে হামছাদী পর্যন্ত পদযাত্রা করা হয়। এ ব্যাপারে জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়া হায়দার ডিপটি জানান,‘সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন, সাধারণ সম্পাদক সাজু ও যুবলীগ নেতা রনির নেতৃত্বে ১০-১২ জন হামছাদী এলাকায় আমাদের পদযাত্রা গতিরোধ করে মাইক কেড়ে নেয়। পরে আমরা চলে আসার সময় পৌরসভার গোলচত্বর এলাকায় দ্বিতীয় দফায় আমাদের ব্যানার কেড়ে নিয়ে মারধর করে তারা। একপর্যায়ে আমাদের ব্যানারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের সহযোগিতা না করে আমাদের কাছ থেকে ছাত্রলীগের কেড়ে নেওয়া মাইক গাড়িসহ আটক করে।’
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান বলেন, সিপিবির নেতাকর্মীরা মাইকের মাধ্যমে সরকারবিরোধী স্লোগান ও উসকানিমূলক বক্তব্য দেয়। এতে তাদের মাইক নিয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশের তথ্যমতে, সিপিবির লোকজন সরকারবিরোধী স্লোগান দেওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা মাইক নিয়ে পুলিশে দিয়েছে। তবে সিপিবি যদি অভিযোগ দেয় যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।