২১ বাচ্চা জন্ম দিয়ে কুকুরের বিশ্ব রেকর্ড

কুকুরের একসঙ্গে ৮ থেকে ১০টি বাচ্চা দেওয়ার ঘটনা হরহামেশাই ঘটে। কিন্তু একসঙ্গে এক কুড়িরও বেশি বাচ্চা দেওয়ার ঘটনা বিরলই বটে। ২০০৪ সালে টিয়া নামের এক কুকুর একসঙ্গে ২৪টি বাচ্চা দিয়ে নাম লিখিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে। সেবার টিয়ার ওই দুই ডজন  বাচ্চা হয়েছিল সিজারের মাধ্যমে। আর এবার ব্রিটেনের এক কুকুর স্বাভাবিকভাবে ২১টি বাচ্চার জন্ম দিয়ে গড়েছে নতুন বিশ্ব রেকর্ড।

ব্রিটিশ সংবাদ দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, মেরি জেন নামের ওই কুকুরটি গত ২০ নভেম্বর ছানাগুলোর জন্ম দেয়। কুকুরটির মালিক জোয়েন হাইন জানান, তার ধারণা ছিল মেরি হয়তো ৬ থেকে ৮টি বাচ্চার জন্ম দিতে যাচ্ছে। কিন্তু তাদের সবাইকে অবাক করে দিয়ে মেরি একে একে ২১ বাচ্চা প্রসব করে। 

জোয়েন বলেন, মেরির এই ঘটনায় আমি গর্বিত। এমজে (মেরি জেন) একাই সবকিছু সামলে নিয়েছে। তবে সে সময় তার পাশে থাকায় অ্যানা ও রুথ নামের দুই পশুচিকিৎসকের প্রতি আমি কৃতজ্ঞ। এমজের পক্ষে সবগুলো বাচ্চার যত্ন নেওয়া সম্ভব নয় বলে ১৪টি দিয়ে তাদের হেফাজতে দেওয়া হয়েছে।