সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যু

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে উলিপুরের সাহবের আলগা সীমান্তে ঘটনাটি ঘটে। বিজিবি জানিয়েছে, সবুজ ভূঁইয়া (৩৫) নামে ওই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে এসেছিল। পরে নিজের দেশে ফিরে যাওয়ার সময় সীমান্তে গুলিবিদ্ধ হন তিনি। সবুজ আসামের সিংগামারী জেলার সুখচর থানার মনছুর ভূঁইয়ার ছেলে।

সাহবের আলগা বিওপির বিজিবি ৩৫ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মজিবর রহমান দেশ রূপান্তরকে জানান, শুক্রবার সকালে সীমান্তের ডিগ্রির চর চুলকানির খাল এলাকা দিয়ে চোরাইপথে ভারতীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন সবুজ। এ সময় ভারতীয় অংশে কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। পরে বিএসএফ জওয়ানরা তার লাশ নিয়ে যায়।

এদিকে শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বিএসএফের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানিয়েছে, সীমান্তে অনুপ্রবেশকারী মনে করে সবুজ নামে ওই ব্যক্তিকে গুলি করে বিএসএফ জওয়ানরা। এর পরিপ্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।