শেরপুরে নিখোঁজের ১ দিন পর শিশুর লাশ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে এসে নিখোঁজের এক দিন পর এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার সকালে বরইকুচি এলাকার একটি পুকুর থেকে আমেনা খাতুন আনিকা (৬) নামে ওই শিশুর লাশ উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিস। আনিকা শেরপুরের চরশেরপুর নিজপাড়া গ্রামের আমির আলীর মেয়ে। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় সে।

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন একটি কারখানা ভবনের মেঝের বালুর নিচ থেকে গতকাল শুক্রবার সকালে জাহিদ হাসান দুর্জয় (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শেরপুরে উদ্ধার হওয়া লাশটির ব্যাপারে জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. নূর উদ্দিন দেশ রূপান্তরকে জানান, বৃহস্পতিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল নানার বাড়িতে বেড়াতে আসা আনিকা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শ্রীবরদী থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শ্রীপুরে বালুর নিচে শিশুর লাশ : গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন একটি কারখানা ভবনের মেঝের বালুর নিচ থেকে গতকাল শুক্রবার সকালে জাহিদ হাসান দুর্জয় নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। জাহিদ একই গ্রামের আকতার হোসেনের ছেলে। সে স্থানীয় তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জাহিদের পরিবারের সদস্যদের উদ্ধ…তি দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয় জাহিদ। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার সন্ধানে স্থানীয় মসজিদ ও এলাকায় মাকিং করা হয়। পরদিন শুক্রবার সকালে জাহিদের খোঁজে তার দাদি ও বাবা বাড়ির পাশে নির্মাণাধীন একটি কারখানা ভবনের সীমানাপ্রাচীরের ভেতর যান। সেখানে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় জাহিদের লাশ খুঁজে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী দেশ রূপান্তরকে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।