ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের এক গ্যারেজে গুগল প্রতিষ্ঠার ২০ বছর পর প্রতিষ্ঠানটিতে অবসান হলো ল্যারি পেজ ও সের্গেই ব্রিন যুগের। গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের নির্বাহী পদ থেকে সম্প্রতি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংস্থার দুই প্রতিষ্ঠাতা সদস্য পেজ ও ব্রিন। কোম্পানির প্রতিদিনের কার্যক্রমে আর থাকছেন না তারা। ফলে এবার অ্যালফাবেটের সর্বোচ্চ পদে বসছেন গুগল সিইও সুন্দর পিচাই।
গত মঙ্গলবার পেজ ও ব্রিন নিজেদের ব্লগ পোস্টে জানিয়েছেন, দীর্ঘদিন কোম্পানির প্রতিদিনের ম্যানেজমেন্টের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকতে পারাটা ভাগ্যের বিষয়। আমাদের মনে হয়, এবার গর্বিত অভিভাবকের ভূমিকা পালনের সময় এসেছে। যারা পরামর্শ দেবেন, ভালোবাসা দেবেন কিন্তু প্রতিদিন বিরক্ত করবেন না।
গুগলের প্রতিষ্ঠাতারা জানান, গুগল কোনো গতানুগতিক সংস্থা নয়। আমরা কখনই ব্যবস্থাপনার পদগুলো ধরে রাখতে আগ্রহী নই। এখন অ্যালফাবেট ও গুগলের দুজন সিইও ও একজন সভাপতির প্রয়োজন নেই। ৪৭ বছর বয়সী সুন্দর পিচাই আগে গুগলের সিইও ছিলেন। এখন গুগলের সঙ্গে অ্যালফাবেট পরিচালনার দায়িত্বও নিতে হচ্ছে তাকে। অ্যালফাবেটের দশমিক ১ শতাংশ শেয়ার পিচাইয়ের।
পদ থেকে সরে দাঁড়ালেও অ্যালফাবেটের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। কোম্পানির ৫১ শতাংশ ভোটিং শেয়ার পেজ ও ব্রিনের হাতে থাকায় ভবিষ্যতের যেকোনো সিদ্ধান্তই তারা প্রভাবিত করতে পারবেন। কোম্পানির মোট শেয়ারের ১১ দশমিক ৪ শতাংশ তাদের হাতে রয়েছে, যার মূল্য ১০ হাজার ১০০ কোটি ডলার। বর্তমানে অ্যালফাবেটের মোট বাজার মূলধন ৯১ হাজার ২০০ কোটি ডলার। চলতি বছর মূলধন বেড়েছে প্রায় ২৫ শতাংশ।