মহেশপুর সীমান্তে আবারও ১২ অনুপ্রবেশকারী

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরও ১২ নারী, পুরুষ ও শিশু আটক হয়েছে। গতকাল শনিবার সকালে সীমান্তের কুসুমপুর পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢোকার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সদস্যদের হাতে ধরা পড়ে তারা। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মোট ২৮৯ জনকে আটক করল বিজিবি।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের উপপরিচালক লে. কর্নেল কামরুল আহসান দেশ রূপান্তরকে জানান, বিজিবির কুসুমপুর বিওপির অধীন সোনাগাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ পুরুষ, ৩ নারী ও ৫ শিশুকে আটক করা হয়। তারা সবাই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকে। এরা সবাই ভারতের কলকাতায় বসবাস করত।

আটকরা প্রত্যেকেই নিজেদের বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করেছে বলেও জানান বিজিবি কর্মকর্তা কামরুল আহসান।

মহেশপুর থানার পরিদর্শক এসএম আমানউল্লাহ দেশ রূপান্তরকে জানান, বিজিবির হাতে আটক ১২ জনের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সম্প্রতি ভারত থেকে নানাভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। দেশটির আসামে গত ৩১ আগস্ট নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশের পর থেকেই বিভিন্ন সময়ে ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার সীমান্ত দিয়ে মাঝেমধ্যেই দুয়েকটি পরিবার দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে সীমান্ত পার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে গত নভেম্বর মাসের শুরু থেকে এই অনুপ্রবেশের সংখ্যা কিছুটা বেড়েছে বলে সীমান্ত এলাকার বাসিন্দারা দেশ রূপান্তরকে জানিয়েছে।