জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আজ

পুরস্কার নেবেন না মোশাররফ করিম বাদ কালাম

২০১৭ ও ১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে আজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। পুরস্কারপ্রাপ্তরা স্বর্ণপদক, পদকের রেপ্লিকা, সম্মাননাপত্র এবং নির্ধারিত টাকার চেক পাবেন। এবার পুরস্কারের আর্থিক পরিমাণ বাড়িয়ে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা করা হয়েছে।

এবার বিতর্কের মুখে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা থেকে বাদ পড়েছেন ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের ভারতীয় চিত্র সম্পাদক মো. কালাম। এই ক্যাটাগরিতে নতুন কাউকে পুরস্কার দেওয়া হবে না। এ ছাড়া পুরস্কার গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন মোশাররফ করিম। এদিকে ২০১৭ সালের আজীবন সম্মাননাপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান শারীরিক অসুস্থতা নিয়েই পুরস্কার নিতে যাবেন। এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘বাবাকে শনিবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছি। বাসায় নিজে নিজে মহড়াও করে নিচ্ছেন। আল্লাহর রহমতে এখন একটু ভালো আছেন। আশা করছি তিনি পুরস্কার নিতে অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন।’

গত ৭ নভেম্বর ২৮টি বিভাগে একসঙ্গে দুই বছরের শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদানের ঘোষণা দেয় তথ্য মন্ত্রণালয়। সেখানে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য ‘সেরা সম্পাদক’ হিসেবে কালামের নাম ঘোষণা করা হয়, যার ভারতীয় পরিচয় ‘গোপন করে’ চলচ্চিত্র পুরস্কারের আবেদন করেছিলেন প্রযোজক। বিতর্কের মুখে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে জুরি বোর্ডের কাছে প্রযোজক সানী সানোয়ার চিঠি দেন। এরপর তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে মো. কালামকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তথ্য মন্ত্রণালয়ের প্রশাসন ও চলচ্চিত্র বিভাগের অতিরিক্ত সচিব মিজান উল আলম। তিনি জানান, “সেই ক্যাটাগরিতে নতুন কাউকে আর নেওয়া হয়নি। কারণ, পুরো প্রক্রিয়া অনুসরণ করে নতুন কাউকে নেওয়া সময়সাপেক্ষ বিষয়। ২০১৭ সালের ‘শ্রেষ্ঠ চিত্র সম্পাদক’ ক্যাটাগরিতে তাই কাউকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে না।” এ ছাড়া ২০১৮ সালের চলচ্চিত্র পুরস্কারে ‘কমলা রকেট’ চলচ্চিত্রের জন্য ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ হিসেবে পুরস্কার গ্রহণ করবেন না বলে জানিয়েছেন মোশাররফ করিম। অন্যদিকে ২০১৭ সালের ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ ক্যাটাগরিতে ‘গহীন বালুচর’ সিনেমার জন্য ফজলুর রহমান বাবুর পুরস্কারপ্রাপ্তি নিয়ে সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। গুঞ্জন ওঠে তিনিও পুরস্কার গ্রহণ করবেন না। তবে অভিনেতা ফজলুর রহমান বাবু দেশ রূপান্তরকে জানিয়েছেন তিনি পুরস্কার গ্রহণ করবেন।

উল্লেখ্য, পুরস্কার বাতিলের ঘটনা এবারই প্রথম নয়; এর আগে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘নিয়তি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে হাবিবের নাম ঘোষণা করা হয়। কিন্তু তিনি সেই চলচ্চিত্রে কাজই করেননি। তখন হাবিবকে বাদ দেওয়া হয়। হাবিবের পরিবর্তে ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ ক্যাটাগরিতে কাউকে পুরস্কার দেওয়া হয়নি। বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। ১৯৭৫ সাল থেকে রাষ্ট্রীয়ভাবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।