নেশাগ্রস্ত স্বামীর হাতে ২ সন্তানসহ স্ত্রী খুন

রংপুরে নেশাগ্রস্ত স্বামীর হাতে খুন হয়েছে গর্ভবতী স্ত্রীসহ দুই সন্তান। রোববার সকালে নগরীর বাহার কাছনা এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, রিকশাচালক আবদুর রাজ্জাক নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে গলা কেটে এবং দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় পুলিশ রাজ্জাককে গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাহার কাছনা কাকিনা ব্রীজ সংলগ্ন এলাকার রিকশাচালক আবদুর রাজ্জাক রোববার সকালে স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী তাসনিয়া আক্তার রত্নার (৩৫) গলা কাটে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রত্নার মৃত্যু হয়। রত্না সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল।

এরপর তার দেড় বছর বয়সী শিশু সন্তান রেহান ও সাত মাসের নবজাতককে বালিশ চাপা দিয়ে হত্যা করে। আবদুর রাজ্জাক প্রায় নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে ধরে মারপিট করত বলে অভিযোগ করেছে এলাকাবাসী। ঘটনার পর রাজ্জাক তার নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গেছে।

এদিকে, খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি, মাহিগঞ্জ ও হারাগাছ থানার পুলিশ এবং র‌্যাব-১৩ এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে রিকশাচালক আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পারিবারিক কলহের জের ধরে নেশাগ্রস্ত অবস্থায় রিকশাচালক এই ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।