ঢালিউডের জনপ্রিয় নায়ক সাইমন সাদিক। ‘জান্নাত’ ছবির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ও সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে নেওয়ার অনুভূতি কেমন?
অনুভূতি ঠিক কেমন তা বুঝতে পারছি না। আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার মনের মধ্যে কেমন অনুভূতি আন্দোলিত হচ্ছে। শুধু এটুকু বুঝতে পারছি, এটা আমার স্বল্প জীবনের সেরা অর্জন। আমি আবেগাপ্লুত, ভাষাহীন হয়ে গেছি। বলিষ্ঠ নেতৃত্বের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ভীষণ প্রিয়। তার হাত থেকে এই পুরস্কারপ্রাপ্তি আমার আনন্দকে আলাদা মাত্রা দিয়েছে। আমি ও আমার বাবা-মা সত্যিই সম্মানিত। তারাও গতকাল আমার সঙ্গে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
প্রত্যেক শিল্পীরই জাতীয় পুরস্কারের আশা থাকে। এত দ্রুত পাবেন ভেবেছিলেন?
ঠিকই বলেছেন। আমরা কাজ করি মনের আনন্দে। সেই আনন্দ ছড়িয়ে পড়ে দর্শকের মনে, যখন তারা সিনেমা দেখে। কিন্তু সেই কাজের স্বীকৃতি যখন স্বয়ং রাষ্ট্রের কাছ থেকে পাওয়া যায় তখন তো কোনো কথাই নেই। আমি সিনেমায় অভিনয়ের পর থেকেই চেষ্টা করেছি ভালোমানের গল্পনির্ভর সিনেমা করতে। জাতীয় পুরস্কারের আশা অবশ্যই ছিল। কিন্তু ‘জান্নাত’ সিনেমাটি করার সময় বা অন্য কোনো সিনেমা করার সময় পুরস্কারের কথা মাথায় ছিল না। কাজ করেছি মন দিয়ে, তার স্বীকৃতি পেয়েছি। অনেকে অনেক বছর ধরে কাজ করেও জাতীয় স্বীকৃতি পায় না। সেদিন থেকে আমি ভাগ্যবান।
জাতীয় স্বীকৃতি পাওয়ার পর কাজের ড়্গেত্রে কোনো পরিবর্তন এসেছে কি?
অবশ্যই। এখন সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আমি আরও বেশি সচেতন। এরমধ্যে বেশকিছু গড়পড়তা সিনেমার অফার পেয়েছিলাম। কিন্তু একটিতেও রাজি হইনি। কারণ, রাষ্ট্র ও দর্শক আমাকে যে সম্মান দিয়েছে তা ধরে রাখার দায়িত্ব আমার নিজের।
‘জান্নাত’-এর পর আর কোন সিনেমাটি নিয়ে আপনি বেশি আশাবাদী?
‘আনন্দ অশ্রু’ সিনেমাটি নিয়েও আমি আশাবাদী। এটিতে জান্নাতের একই টিম। পরিচালক, নায়িকা থেকে শুরু করে সবাই জান্নাত সিনেমায় ছিলেন। এ সিনেমার কাজ প্রায় শেষের দিকে। দুই দিন দুটি ক্লাইমেক্স দুশ্য আর দুটি গানের শু¨টিং আছে। সামনের বছরের প্রথম দিকে মুক্তি পাবে সিনেমাটি।
আরও কিছু চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা ছিল...
‘নদীর বুকে চাঁদ’ এই বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল। কেন হচ্ছে নাম জানি না। ‘বাহাদুরি’ও মুক্তি পাওয়ার কথা ছিল। এটি অনেক আগেই শেষ করে দিয়েছি। ‘আমার মা আমার বেহেশত’ অর্ধেক শেষ। ‘গোপন সংকেত’ও ৫০ শতাংশ শেষ। আরও কিছু ছবি আছে।