ঢাকার মঞ্চ মাতিয়ে গেলেন বলিউডের সুপারহিট জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এই দুই বলিউড তারকা ভারত থেকে যাত্রা শুরু করে গতকাল সকাল সোয়া ৯টার দিকে ব্যক্তিগত বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমান থেকে নেমেই প্রথমে দুটি করে ডাবের পানি পান করেন সালমান-ক্যাটরিনা। এরপর নিজ নিজ হোটেলের দিকে রওনা দেন। সালমান খান ওঠেন হোটেল ওয়েস্টিনে আর ক্যাটরিনা কাইফ ওঠেন হোটেল রেডিসনে। আর সন্ধ্যায় বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারফর্ম করেন তারা। এই আয়োজনে প্রথমবারের মতো অংশ নিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। গতকাল বিকেল ৫টায় বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে সন্ধ্যা ৬টায় স্টেজে ওঠেন ‘নগরবাউল’ জেমস। সাড়ে ৬টায় মঞ্চ মাতান ফোক সম্রাজ্ঞী মমতাজ। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করে এবারের বিপিএলকে দেওয়া হয়েছে বিশেষ মর্যাদা। সন্ধ্যা সোয়া ৭টায় গাইলেন সনু নিগম। তারপর মঞ্চে ওঠেন আরেক বলিউড গায়ক কৈলাস খের। অপেক্ষার পালা ঘুচিয়ে রাত সাড়ে ৮টার দিকে স্টেজে আসেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। প্রথমে পারফর্ম করেন ক্যাটরিনা। তারপর সালমান খান। এরপর দুজনে একসঙ্গেও পারফর্ম করবেন। রাত ১১টা পর্যন্ত নাচের তালে ঝড় তোলেন এই দুই তারকা।
তবে এ অনুষ্ঠান দেখার জন্য নির্ধারিত টিকিটের দাম দেখে সালমান ও ক্যাটের ম্যানেজাররা অবাক হয়েছেন। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের সর্বনিমœ দাম ১ হাজার টাকা। গ্যান্ড স্ট্যান্ডে বসে অনুষ্ঠান দেখতে গুনতে হয়েছে আড়াই হাজার টাকা। আর যারা ১০ হাজার টাকা খরচ করেছেন তারা সালমান-ক্যাটরিনাদের লাইভ পারফরম্যান্স দেখেছেন মাঠে বসেই। বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘সালমান খান ও ক্যাটরিনার ম্যানেজার আমাকে প্রশ্ন করেছে, কেন এত কম দামে টিকিট বিক্রি করা হচ্ছে? আমরা চাচ্ছি যে দর্শক যাতে দেখতে পারে। ভিআইপি যেটা ১০ হাজার টাকা, বাংলাদেশের ইতিহাসে এত কম দামে টিকিট কখনো হয়নি। এর আগে সালমান এসেছেন, শাহরুখ খান এসেছেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫০ হাজার, ৬০ হাজার টাকায় টিকিট বিক্রি হয়েছে।’ এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে জৌলুশের কমতি ছিল না। জৌলুশ বাড়াতে সর্বোচ্চ চেষ্টা থাকছে আয়োজকদের। তার অংশ হিসেবে ঢাকায় নিয়ে আসা হয় সালমান-ক্যাটরিনার মতো হাইপ্রোফাইল তারকাদের। আগামী ১১ ডিসেম্বর বিপিএলের ব্যাটে-বলের লড়াই শুরু হবে।