ভারতে পেঁয়াজের দাম বাড়ায় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশের মতো ভারতেও বেড়েছে পেঁয়াজের দাম। দেশটির বিভিন্ন রাজ্যে প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। এ ঘটনায় জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে এক ব্যক্তি মামলা করেছেন বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।

ভারতের কোথাও কোথাও প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০ রুপির কাছাকাছি। এ ঘটনায় কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাশ পাসোয়ানের বিরুদ্ধে বিহারের এক আদালতে ফৌজদারি মামলা হয়েছে। খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ‘প্রতারণা ও বিভ্রান্ত করার’ অভিযোগ আনা হয়েছে। মোজাফফরপুর মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলাটি করেছেন এম রাজু নায়ার নামে জনৈক সমাজকর্মী।

মামলাকারীর অভিযোগ, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী হিসেবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা রামবিলাশ পাসোয়ানের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মোদি সরকারের এ মন্ত্রী। এভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। ১২ ডিসেম্বর মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারক মৌর্য কান্ত তিওয়ারি।

প্রতিবেদনে বলা হয়, এশিয়ার বৃহত্তম পেঁয়াজের বাজার ভারতের মহারাষ্ট্র রাজ্যের লাসালগাঁও শহর। সেখানে কুইন্টাল প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০ হাজার রুপিতে। অর্থাৎ কেজি ১০০ রুপি। মুম্বাইয়ের ভাশি মার্কেটে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৩০ রুপিতে। খুচরা বাজারে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ১৪০ থেকে ১৬০ রুপি। মুম্বাই থেকে ২০০ কিলোমিটার দূরে লাসালগাঁও থেকে গোটা দেশে পেঁয়াজ রপ্তানি করা হয়। কলকাতায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ রুপি।