আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে ও বাকিদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলীপুরা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কামাল মেম্বারের লোকজন সকালে ঘুমন্ত মানুষের ওপর টেঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ১০ জন আহত হয়। গুরুতর আহত শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজী নামে দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুরো এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে পাঁচ শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। পরে পুলিশ ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।