রাজধানীর চকবাজার ও কোতোয়ালি থানা এলাকায় পুলিশ সদস্যদের ওপর আক্রমণ ও নাশকতা চালানোর অভিযোগে বিএনপির ৩২ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। গত রবিবার রাজধানীর চকবাজার ও কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়। এদিকে একই দিন সিরাজগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের জেরে বিএনপি সদর থানায় দেড় শতাধিক
নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধেও পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
চকবাজার ও কোতোয়ালি থানা সূত্র জানিয়েছে, দুই থানার মামলায় বিএনপির পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে গতকাল সোমবার রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত চকবাজার থানার মামলায় চারজন ও কোতোয়ালি থানার মামলায় একজনকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে।
এদিকে সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত রবিবার রাতে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে এ মামলা করেন সদর থানার উপপরিদর্শক জয়দেব কুমার। মামলায় জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ১১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে। ওই ঘটনায় সংঘর্ষস্থল থেকে আটক ছয়জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।