বিপিএলে চার দেশি অধিনায়কের সঙ্গে তিন বিদেশি

দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াতে যাচ্ছে বুধবার। আসরে অংশ নিতে যাওয়া সাত দলের চারটির অধিনায়ক বাংলাদেশি। বাকি তিন দল অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিদেশি তারকাদের।

দেশির মধ্যে অধিনায়ক হিসেবে থাকছেন- মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন। বিদেশিদের মধ্যে নেতৃত্ব দিতে দেখা যাবে- আন্দ্রে রাসেল, মোহাম্মদ নবী ও দাসুন শানাকাকে।

ঢাকা প্লাটুনের অধিনায়ক যে মাশরাফী বিন মোর্ত্তজা এটা জানা ছিল আগেই। মঙ্গলবার জানা গেল অন্য দলগুলোর অধিনায়কের নামও। খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও ইনজুরির কারণে শুরুতে মাহমুদউল্লাহকে পাচ্ছে দলটি। ইমরুল কায়েসের নেতৃত্বে শুরু হচ্ছে দলটির মিশন। এ ছাড়া সিলেট থান্ডারের নেতৃত্বে মোসাদ্দেক হোসেন সৈকত।

বিদেশিদের মধ্যে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক আফগানিস্তানের মোহাম্মদ নবী। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল নেতৃত্ব দেবেন রাজশাহী রয়্যালসকে। কুমিল্লা ওয়ারিয়রের নেতৃত্বে দাসুন শানাকা। এদের মধ্যে বিপিএলে এবারই প্রধাম নেতৃত্ব দেবেন- মোসাদ্দেক, শনাকা ও আন্দ্রে রাসেল।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে গেল অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশন। এই ফটোসেশনে অবশ্য ঢাকার অধিনায়ক মাশরাফী ও রংপুর অধিনায়ক আন্দ্রে রাসেল ছিলেন না। ঢাকার প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন মুমিনুল হক। রংপুরের হয়ে কেউ উপস্থিত ছিলেন না।

বিপিএলের সপ্তম এই আসর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব ব্যবস্থাপনায়। বিশেষ এই বিপিএল উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ কারণেই এবারের আসরের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল।’

দেখে নিন বিপিএলের অধিনায়কদের নাম:

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন: মাশরাফী বিন মোর্ত্তজা

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম

রাজশাহী রয়্যালস: আন্দ্রে রাসেল

রংপুর রেঞ্জার্স: মোহাম্মদ নবী

সিলেট থান্ডার: মোসাদ্দেক হোসেন

কুমিল্লা ওয়ারিয়র: দাসুন শানাকা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ রিয়াদ/ইমরুল কায়েস।