বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার তথ্যের পাশাপাশি নতুন করে আরও আট ধরনের সেবা বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ার রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। মোবাইল ফোন নম্বরে এসএমএসের (খুদে বার্তা) মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা বাড়ানোর প্রস্তাবটি এসইসি অনুমোদন দিয়েছে। গতকাল এসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
সিডিবিএল বর্তমানে শেয়ার ক্রয়-বিক্রয় ও বিও হিসাবে জমার তথ্য বিনিয়োগকারীরা তাদের মোবাইল ফোন নম্বরে এসএমএস অ্যালার্ট স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন। আর গতকাল এসইসির অনুমোদনের ফলে সিডিবিএল বিনিয়োগকারীদের লেনদেনের তথ্যের পাশাপাশি বিও হিসাব খোলা, বিও হিসাবে লিংক অ্যাকাউন্ট খোলা, বিনিয়োগকারীর নাম পরিবর্তন, ব্যাংক হিসাব পরিবর্তন, ব্যাংকের নাম পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন, বিও হিসাব বন্ধ এবং মার্জিন বিও থেকে নন-মার্জিন বা নন-মার্জিন থেকে মার্জিন বিওতে রূপান্তরের তথ্য এসএমএসের মাধ্যমে জানাবে। উল্লিখিত সেবাসমূহ শিগগিরই চালু হবে এবং বিনিয়োগকারীরা তা বিনামূল্যে পাবেন। এছাড়াও বিও হিসাবের সিকিউরিটিজ ডেবিট ও ক্রেডিট হওয়া সংক্রান্ত বর্তমানে যে এসএমএস অ্যালার্ট সার্ভিস চালু আছে তাও অব্যাহত থাকবে। এসইসি জানিয়েছে, এ নতুন এসএমএস সেবা চালু হলে বিও হিসাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব বিষয় হিসাবধারীরা জানতে পারবেন। তবে ওই সেবা পাওয়ার জন্য বিও হিসাবে নিজের সঠিক মোবাইল নম্বর দিতে হবে। তাই সিডিবিএলের ওই সুবিধা পেতে ও বিনিয়োগকারীদের বিও হিসাবের নিরাপত্তার স্বার্থে বিও হিসাবে সঠিক মোবাইল ফোন নম্বর অন্তভু©ক্ত করতে হবে।
এছাড়া বর্তমানে বহু কোম্পানি দেশের প্রচলিত পেমেন্ট সিস্টেম ব্যবহার করে নগদ লভ্যাংশ প্রেরণ করে থাকে, তাই সঠিক ব্যাংক হিসাব নম্বরও বিও হিসাবে থাকা জরুরি। সঠিক ব্যাংক হিসাব না দিলে বিনিয়োগকারীরা লভ্যাংশ পেতে ভোগািন্তর শিকার হতে পারেন।