বাগেরহাটে অ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয়ে সাবেক ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলি মারা গেছেন। গতকাল মঙ্গলবার তিনি ঢাকা থেকে গোপালগঞ্জ নেমে মোটরসাইকেলে করে পিরোজপুরের নাজিরপুরের বাড়িতে ফেরার পথে চিতলমারীর কুনিয়ার মোড় এলাকায় রাত ৮টার দিকে এ দুর্ঘটনার শিকার হন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত মৌলি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৌলি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, মৌলি বিকেলে ঢাকা থেকে বাসে করে নাজিরপুরের বাড়ির উদ্দেশে রওনা হন। তাকে বহনকারী দোলা পরিবহনের বাসটি পথে গোপালগঞ্জে বিকল হয়ে যায়। তখন মো. রাকিবুল হাসান নামে এক আত্মীয়কে ফোন করে সেখানে মোটরসাইকেল নিয়ে যেতে বলেন মৌলি। পরে রাকিবুলের সঙ্গে মোটরসাইকেলে নাজিরপুরের বাসার উদ্দেশে রওনা হওয়ার পর দুর্ঘটনার মুখে পড়েন তিনি।
মৌলিকে বহনকারী মোটরসাইকেলের চালক রাকিব জানান, টুঙ্গিপাড়া থেকে মৌলিকে নিয়ে তিনি নাজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে কুনিয়ার মোড়ে এসে মৌলি তাকে জানান, তার (মৌলি) খুব ঠাণ্ডা লাগছে। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে তার সঙ্গে থাকা একটি মাফলার মৌলিকে দেন তিনি। মৌলি রাস্তার পাশে দাঁড়িয়ে মাথায় মাফলারটি পরছিলেন। তখন রাস্তার একদিক থেকে একটি টমটম এবং অপরদিক থেকে একটি অ্যাম্বুলেন্স আসছিল। অ্যাম্বুলেন্সটি টমটমটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মৌলিকে ধাক্কা দেয়। এতে মৌলি পড়ে গেলে অ্যাম্বুলেন্সটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় টুঙ্গিপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৌলিকে মৃত ঘোষণা করেন।
সাবেক এই ছাত্রলীগ নেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ফারমিন মৌলির মৃত্যুর সংবাদটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। আমার সাথে পরিচয় খুব বেশি দিনের না। কিন্তু খুবই কাছের মনে হতো। আপাদমস্তক পলিটিক্যাল একটি মেয়ে। অনলাইনে দলের প্রচারের কাজে খুবই দক্ষ ছিল।’
পুলিশ নারী শিশুসহ সড়কে নিহত ১০ : দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ও আগের রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর–
গোপালগঞ্জের কোটালীপাড়ার দেবগ্রাম এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন– কাশিয়ানীর থানার কনেস্টবল এমমাদুল হক (৩০), মোটরসাইকেল চালক কোটালীপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের রঞ্জিত বিশ্বাস (২৮) এবং কোটালীপাড়া উপজেলার দীঘলিয়া গ্রামের প্রসেনজিৎ বাড়ৈ (২২)। গাজীপুর শ্রীপুরে পিকআপ চাপায় সাবজুল মিয়া (৫৯) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল বেলা ১০টার দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় অনিতা বাগদী (৬০) নামে এক আদিবাসী নারী নিহত হয়েছেন। গত সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। মঙ্গলবার দুপুর ২টার দিকে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের নজরুল সরণিতে এ দুর্ঘটনা ঘটে। সাভারে রাজাশনে মঙ্গলবার দুপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শামসুন্নাহার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নেত্রকোনায় পূর্বধলার ধোবারুহী গ্রামে পিকআপচাপায় ইমন মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়। কুমিল্লার লালমাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাস হেলপার শিবলু নিহত হন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী। চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার হরিপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছে।