বঙ্গবন্ধু বিপিএল আজ শুরু

হুট করে ঘোষণা। সন্ধ্যায় অধিনায়কদের ফটোসেশন। সেখানে ছয়জনকে দেখা যায়। দুই অধিনায়কের দেখা নেই। একজন আবার অধিনায়কের প্রতিনিধি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার অনেক পরে হয় তাও। কিন্তু ট্রফিরও তো দেখা নেই। তাহলে কেন এই ফটোসেশন? আজ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল) মাঠে গড়াচ্ছে। ঠিক আগের বিকেলে এহেন অব্যবস্থাপনা-পরিকল্পনার অভাবের এমন নজির!

রোজ খেলা থাকছে দুটি। শুক্রবার বাদে প্রথমটি দুপুর দেড়টায়, অন্যটি সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকালও সারা দিন মাঠকর্মীদের দেখা গেল মাঠের ক্ষত বুজাতে। ৮ তারিখের জাঁকজমকপূর্ণ কনসার্ট আর নাচ-গানের উদ্বোধনী অনুষ্ঠান করতে গিয়ে মঞ্চ আর বসার আয়োজনের জন্য মাঠ ও আউটফিল্ডে যেসব ক্ষতের জন্ম। ফ্র্যাঞ্চাইজিদের বেঁকে বসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাহসী সিদ্ধান্তে এক বছরে দুই বিপিএলের আসর তবু করেই ফেলছে। আজ প্রথম খেলায় খাতা-কলমে বড় দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি অনেকটা বড় তারকাহীন দল সিলেট থান্ডার। অন্য ম্যাচে বিসিবির একমাত্র সরকারি দল কুমিল্লা ওয়ারিয়র্সের সঙ্গে খেলবে কালই স্পন্সর ঘোষণা করা রংপুর রেঞ্জার্স।

আগের ৬ ফ্র্যাঞ্চাইজি বিপিএলের মতো এবারের আসরে টাকা-ডলারের ঝনঝনানি নেই। দেশের বড় তারকাদেরও বোর্ডের বেঁধে দেওয়া টাকায় খেলতে হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানের শুরুটাও হচ্ছে এই টুর্নামেন্ট থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনীতে এসে পাক্কা তিন ঘণ্টা থেকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত উপভোগ করেই মাঠ ছেড়েছিলেন। যেহেতু এবারের আসরের সঙ্গে স্পর্শকাতর বিষয় জড়িয়ে, আবেগ আছে মিশে– তাই ক্রিকেটাররা সবকিছু মেনে নিয়ে খেলছেন।

প্রশ্ন উঠছে, আসর জমবে কি-না। এই প্রশ্ন আগের বিপিএলগুলোতেও উঠেছে। শেষ পর্যন্ত কীভাবে কীভাবে যেন মেরেকেটে সব শেষও হয়ে গেছে। খুব যে ব্লকবাস্টার হয় বিপিএল তা নয়, তবে বিসিবি থেকে শুভার্থী সবাই একটি বিশেষ কামনা করছেন। বিপিএল নিয়ে কেলেঙ্কারি এখন পর্যন্ত নেহাত কম হয়নি। মাঝে বন্ধও থেকেছে আসর। নইলে এটা সপ্তম আসর হতো না। যেহেতু জাতির পিতার নাম জড়িয়ে, আয়োজনের উদ্দেশ্যটাও মহৎ, তাই সবকিছু পরিচ্ছন্ন এবং ভালোয় ভালোয় হোক কোনো বিতর্ক ছাড়া– চাইছেন খেলাপ্রেমীরা।

চট্টগ্রামে ক্রিস গেইলের জানুয়ারির আগে খেলার সম্ভাবনা নেই। এই দলের বড় নাম দেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু ভারত সফরে ইডেন গার্ডেনসের গোলাপি বলের টেস্ট থেকে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে এসেছেন। এখনো সারেনি পুরোপুরি। অন্তত প্রথম দুই ম্যাচ মিস করছেন। ইমরুল কায়েস নেতৃত্ব দিচ্ছেন দলকে। গেল রাতে ইমরুলকে ওই শূন্যতার জন্য চিন্তিত মনে হলো, ‘রিয়াদ ভাই না থাকায় কম্বিনেশন ঠিক করা কঠিন।’

ইমরুল পাবেন নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, জুনায়েদ সিদ্দিকী, এনামুল হক জুনিয়র, রুবেল হোসেন, জুবায়ের হোসেনদের। ইমাদ ওয়াসিম, রিয়াদ এমরিট, রায়ান বার্ল, শাডউইক ওয়ালটন আছেন। লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস ভারত সফরে। দলটার কোচ সাবেক ইংলিশ ব্যাটসম্যান পল নিক্সন।

ওদিকে হার্শেল গিবস আছেন সিলেট থান্ডারের প্রধান কোচ হিসেবে। গতকাল দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান জানিয়ে গেছেন, দল নার্ভাস। বড় নাম নেই। কারও কারও আবার আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও নেই। তাই অপরিচিত কাউকে জ্বলে ওঠার প্রেরণা জোগাচ্ছেন গিবস। সঙ্গে দিচ্ছেন স্বাধীনভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলার লাইসেন্স। মোহাম্মদ মিঠzন, মোসাদ্দেক হোসেন, জনসন চার্লস, শফিকউল্লাহ, জিভান মেন্ডিস, কিসমার সান্তোকি, ইবাদত হোসেন, আন্দ্রে ফ্লেচার, নাজমুল ইসলাম অপু, শেরফান রাদারফোর্ডদের সঙ্গে রুয়েল মিয়া, মনির হোসেন, দেলোয়ার হোসেনদের কী রসায়ন তৈরি হয় তা দেখার।

সৌম্য সরকার গতকাল নেপাল থেকে ফিরেছেন এসএ গেমসের সোনা জিতে। সাব্বির রহমান, আল আমিন হোসেন, ইয়াসির আলি, আবু হায়দার রনিরা এই দলে। মানে কুমিল্লা ওয়ারিয়র্সে। শ্রীলঙ্কার দাসুন সানাকা নেতৃত্ব দেবেন। ডেভিড মালান, ভানুকা রাজাপাকশে, মুজিবুর রহমানদের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনও আছেন। ক্যারিবিয়ান ওটিস গিবসনের দলের শুরুটা কেমন হয় দেখার আগ্রহ অনেকের মাঝে।

কুমিল্লার প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স কিন্তু লড়াকু দল হতে পারে। আফগানিস্তানের মোহাম্মদ নবী দলটির অধিনায়ক। কোচ নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেল। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের জুটি রোমাঞ্চ ছড়ায় কি-না সেই আলোচনা চলছে। ফিজ ফর্ম পুনরুদ্ধারের চেষ্টায়। তাসকিনের জাতীয় দলে ফেরার লড়াই। পাকিস্তানের জুনায়েদ খানও পেস আক্রমণে। আরাফাত সানি, রিশাদ হাসানদের মতো স্পিনার আছেন। আফগান মোহাম্মদ শাহজাদ, বাংলাদেশের তরুণ মোহাম্মদ নাঈম, অভিজ্ঞ জহুরুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি, জাকির হাসান, নাদীফ চৌধুরীরা থাকছেন। ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, টম অ্যাবেলদের দিকে চোখ থাকবে।

সবকিছুর বড় কথা হলো, মাঝে যে বিপিএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটা শেষ পর্যন্ত শুরু হয়ে যাচ্ছে।