গণপূর্তের ১১ প্রকৌশলীকে দুদকে তলব

গণপূর্ত অধিদপ্তরের ১১ প্রকৌশলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিস পাঠিয়ে নির্ধারিত তারিখে প্রয়োজনীয় নথিপত্রসহ কমিশনে হাজির হতে বলা হয়েছে। যুবলীগ নামধারী ঠিকাদার গোলাম কিবরিয়া (জিকে) শামীমসহ অন্য ব্যক্তিদের কাছ থেকে শত শত কোটি টাকা ঘুষ নিয়ে কাজ দেওয়ার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তাদের তলব করা হয়। তলবি নোটিসে স্বাক্ষর করেন কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

আগামী ১৮ ডিসেম্বর ডাকা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিন, আব্দুল মোমিন চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমাকে। ১৯ ডিসেম্বর ডাকা হয়েছে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আব্দুল কাদের চৌধুরী ও আফসার উদ্দিনকে। ২৩ ডিসেম্বর ডাকা হয়েছে নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াস আহমেদ, ফজলুল হক মধু ও উপসহকারী প্রকৌশলী আলী আকবর সরকারকে।

এ বিষয়ে জানতে চাইলে ইকবাল হোসেন বলেন, গণপূর্তের আরও বেশ কয়েকজন প্রকৌশলী দুদকের অনুসন্ধান তালিকায় আছেন। পর্যায়ক্রমে তাদেরও ডাকা হবে।