ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার থেকে শনিবার পর্যন্ত পৌনে দুই ঘণ্টা করে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বিমানবাহিনীর মহড়ার কারণে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে বলে গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (এফএও) মেহবুব আহম্মেদ।
তিনি বলেন, আগামীকাল (আজ) থেকে শনিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠা-নামা করবে না। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ন্যাশনাল প্যারোডের যে এয়ার শো হবে, তার প্রস্তুতিমূলক মহড়ার জন্যই মূলত উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ থাকবে। এ সময়ে বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম যথারীতি চলবে।