নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহি বাস থেকে ছিটকে পড়ে মানছুরা বেগম (২৫) ও তার শিশু সন্তান আসিব হোসেন (৪) নিহত হয়েছে। মানছুরা নরসিংদী জেলার মাধবদী থানাধীন কান্দাইল এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী।
মঙ্গলবার ১০ রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় সাতগ্রাম ইউপির শিমুলতলা এলাকায় এ ঘটনা।
খবর পেয়ে রাতেই কাঁচপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ বাসটি উদ্ধার করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
নিহতের ভাই আবিদ হোসেন দেশ রূপান্তরকে জানান, মানছুরা তার সন্তানকে নিয়ে নরসিংদী থেকে রাতে বাসযোগে নিজ বাড়ি কান্দাইলে ফিরছিলেন। আড়াইহাজার উপজেলার শিমুলতলা এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই মা ও সন্তানের মৃত্যু হয়। বুধবার সকালে তাদের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নিহত মানছুরা স্থানীয় দুপ্তারা ইউপির রাঘবদী এলাকার রহমতপুর দারুল উলুম রহমানিয়া মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।
কাঁচপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোজ্জাফর হোসেন দেশ রূপান্তরকে জানান, নরসিংদী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে মানছুরা তার সন্তান আসিবকে নিয়ে নিজ বাড়ি কান্দাইলে ফিরছিলেন। তারা দরজার পাশেই দাড়িয়েঁ ছিলেন বলে মনে হচ্ছে। তাদের বহনকরা বাসটি আরেক বাসের আগে যাওয়ার প্রতিযোগিতা করছিল। আড়াইহাজার উপজেলার শিমুলতলা এলাকায় পৌঁছালে এক পর্যায়ে বাসের দরজা হঠাৎ খুলে যায়।
মোজ্জাফর আরো বলেন, প্রথমে মানছুরার সন্তান বাস থেকে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় মা তার সন্তানকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন। যে বাস থেকে তারা পড়ে যান সে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশের মাধ্যমে থানায় মামলার প্রস্তুতি চলছে।