সুন্দরবন পরিদর্শনে জাতিসংঘ প্রতিনিধি দল

জাতিসংঘের যৌথ মিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের সুন্দরবন পরিদর্শনে বুধবার দুপুরে বনের অভ্যন্তরে প্রবেশ করেছেন।

বুধবার দুপুরে মোংলার বন বিভাগের ফুয়েল জেটি থেকে প্রতিনিধি দলটি বন বিভাগের নৌযান বন বিলাসে ওঠেন। প্রতিনিধি দলের সাথে রয়েছেন বন বিভাগের উচ্চ পদস্থ প্রতিনিধিরাও। আগামী ১৩ ডিসেম্বর তাদের বন থেকে ফেরার কথা রয়েছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর এবং প্রকৃতি রক্ষার বৈশ্বিক সংগঠন আইইউসিএনের এই যৌথ মিশন ৩ দিন সুন্দরবনে অবস্থান করে পরিবেশগতভাবে হুমকির মুখে থাকা বিশ্ব ঐতিহ্য এ বনের জীব বৈচিত্র্যের বর্তমান অবস্থান সরেজমিনে দেখবেন ও তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন।

জাতিসংঘের এই যৌথ মিশনটি সুন্দরবন পরিদর্শনের পাশাপাশি বনের আশপাশে অবস্থিত শিল্প কলকারখানা বিশেষ করে রামপালের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, বরগুনার তালতলি ও পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিতব্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রভাব ছাড়াও আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলার পশুর চ্যানেলসহ অন্যান্য নদী খননের ফলে সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ওপর প্রতিবেশগত যে বিরূপ প্রভাব পড়বে তাও পর্যালোচনা ও মূল্যায়ন করবেন।

এই যৌথ মিশনের দেওয়া তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করেই জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ওয়ার্ল্ড হ্যারিটেজ কমিটি সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ওপর প্রতিবেশগত হুমকির বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করবে।

প্রতিনিধি দলে রয়েছেন ইউনেস্কোর নয়াদিল্লী অফিসের প্রোগ্রাম স্পেশালিস্ট ফর ন্যাচারাল সায়েন্স বিভাগের মিস্টার গাই ব্রুক, ওয়ার্ল্ড হ্যারিটেজ সেন্টারের অ্যাকান নাকামুরা, আইইউসিএনের এলিনা অসিপভা ও এন্ড্রো ওয়াইট।

এদিকে এই প্রতিনিধি দলের সুন্দরবন পরিদর্শনকে কেন্দ্র করে বন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ বনে অবাঞ্ছিত লোকজনের প্রবেশ ও সকল ধরনের বনজ-জলজ সম্পদ আহরণ বন্ধ রেখেছে বন বিভাগ।