কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ৭ম কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের ‘নীল দল’ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। এতে সভাপতি পদে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ ১৪২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। নির্বাচনে নীল দলের সঙ্গে ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দল।
নির্বাচিত শিক্ষকরা হলেন সহ-সভাপতি মো. এমদাদুল হক (১৫৯ ভোট), ড. মো. জুলহাস মিয়া (১৪৫ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইন, কোষাধ্যক্ষ মাহবুবুল হক ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক-ফিরোজ আহমেদ এবং কার্যকরী সদস্য পদে মো. জিয়া উদ্দিন ১৭২ ভোট, মো. সাদেকুজ্জামান ১৫২ ভোট, ড. মো. শামিমুল ইসলাম ১৪৫ ভোট, কাজী ওমর সিদ্দিকী ১৪৪ ভোট, মেহেদী হাসান ১৪৪ ভোট, মো. তোফায়েল আহমেদ ১৪০ ভোট ও অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান ১২৯ ভোট পেয়ে বিজয়ী হন।