রাজধানীর মিরপুরে ‘সিনিয়র-জুনিয়র’ বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিপু আলম (১২) নামে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। এর আগে গত ২৩ নভেম্বর রাত ১০টার দিকে মিরপুরের শাহ আলীবাগ এলাকার কম্বাইন্ড স্কুলের সামনে হামলার শিকার হয় সিপু। গুরুতর আহত সিপুকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ১৮ দিন পর তার মৃত্যু হলো।
মামলার এজাহারে বলা হয়েছে, সিপু আলম মিরপুরের শাহ আলীবাগের স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ওই রাতে ব্যাডমিন্টন খেলায় পয়েন্ট নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধ দেখা দেয় তার। খেলা শেষ করে বাড়ি ফেরার সময় সিপুর সঙ্গে আবারও কথা-কাটাকাটি হয় তাদের। একপর্যায়ে সিপুকে জুনিয়র আখ্যা দিয়ে সিনিয়রের সঙ্গে ‘বেয়াদবি’ করার অজুহাতে তার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে ওই বন্ধুদের একজন। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিরপুর থানার এসআই খন্দকার মঞ্জুর রাহী দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলায় ৬ কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের সবার বয়সই ১৮ বছরের নিচে। তারা সবাই জামিনে রয়েছে।