বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল বুধবার জামালপুর পুলিশ অফিসার্স ক্লাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি বলেন, জামিন দেওয়া-না দেওয়া কোর্টের এখতিয়ার। কোর্ট স্বাধীনভাবে কাজ করছে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করছে না; কখনো হস্তক্ষেপ করেনি। সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন। তাকে দেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ অন্য যেসব রোগ রয়েছে তা পুরোপুরি নিরাময়যোগ্য নয়। সেসব রোগ নিয়ন্ত্রণে রয়েছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি ইতিমধ্যেই আন্দোলনের মধ্যে আছে। তবে তাদের আন্দোলন জনগণ সমর্থন করছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১০/১২ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। পুলিশ তাদের পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে জনগণের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে। তিনি বলেন, বাংলাদেশ এখন জঙ্গি দমনে সারা বিশ্বের কাছে রোল মডেল।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, জামালপুর সদরের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন প্রমুখ।