বুধবার ছিল বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিবাহবার্ষিকী। ২০১৭ সালের ১১ ডিসেম্বর অনেকটা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। সেই রূপকথার বিয়ে ২ বছরে পড়ল। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে একে-অপরকে উইশ করে মন ছুঁয়ে যাওয়া বার্তা দিলেন ‘বিরুশকা’।
বিবাহবার্ষিকী উপলক্ষে টুইটারে আনুশকার সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন বিরাট। সাদা-কালো ছবিতে স্ত্রীর কপালে চুম্বন করতে দেখা যাচ্ছে তাকে। ছবির ক্যাপশনে বিরাট লিখেছেন- “বাস্তবে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। আর ঈশ্বর যখন আশীর্বাদ হিসেবে এমন এক ব্যক্তিকে দেন, যে প্রতিটা দিন এটা উপলব্ধি করায়, তখন শুধু একটাই অনুভূতি হয়, কৃতজ্ঞতাবোধ।”
বিশেষ দিনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছন আনুশকা শর্মাও। ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ফরাসি কবি ভিক্টর হুগোর একটি লাইন উদ্ধৃত করে তিনি লিখেছেন- “অন্য একজনকে ভালোবাসার অর্থ ঈশ্বরের মুখ দেখা।”
“ভালোবাসা শুধু একটা অনুভূতি নয়, তার থেকে অনেক বেশি কিছু। এটা অব্যর্থ সত্যের একটা রাস্তা, গাইড ও চালক। আর সত্যিই আমি তা খুঁজে পেয়ে ধন্য।”