প্রেমিক যুগলের বিয়ে দিল পুলিশ

চট্টগ্রামে জনতার হাতে আটক এক প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা থানা কার্যালয়ে এলাকাবাসীর সহযোগিতায় ওসি দুলালের তত্ত্বাবধানে এ বিয়ে সম্পন্ন হয়। প্রেমিকা কুসুম আক্তারের (১৯) বাড়ি উপজেলার কৈখাইন গ্রামে। আর প্রেমিক হারুন মিয়ার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোগরা গ্রামে। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করেন তিনি।

জানা গেছে, প্রায় ১ মাস আগে কুসুমের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় হারুনের। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার রাতে কুসুমের বাড়িতে বেড়াতে যান হারুন। এ সময় তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় দুজনের গতিবিধি লক্ষ করে এলাকাবাসী। একপর্যায়ে এই প্রেমিক যুগলকে ‘অসংগতিপূর্ণ’ অবস্থায় আটক করে তারা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এরপর উভয়ের অভিভাবকদের সম্মতিতে এ বিয়ে সম্পন্ন করা হয়।  আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ দেশ রূপান্তরকে জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ৩ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে দেওয়া হয়।