‘কাঠবিড়ালী’ নিয়ে আশাবাদী স্পর্শিয়া

কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল গল্পনির্ভর ছবি ‘কাঠবিড়ালী’। এখন আর প্রেক্ষাগৃহে মুক্তিতে বাধা রইল না। কাঠবিড়ালীর পরিচালক নিয়ামুল মুক্তা জানান, এ মাসেই মুক্তি পাবে ছবিটি। গত মঙ্গলবার দুপুরে ছবিটি দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা। বিকেলে বিনা কর্তনে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মুক্তা। তিনি বলেন, ‘রবিবার সেন্সরে জমা দিয়েছিলাম। মঙ্গলবার ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন ছবিটির।’ পরিচালকের প্রথম ছবি এটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেধাবী অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এর আগে চিলেকোঠার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়। ওই টিজারে পাবনার ভাঙ্গুরার গজারমারা গ্রামে শু¨টিং হওয়া ছবিটির গল্পের গভীরতার কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। যাতে দেখানো হয়েছে মানব-মানবীর চিরায়ত সম্পর্কের নাটকীয়তা।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীরও সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সদস্যদের সঙ্গে প্রিভিউ বোর্ডে আমিও ছিলাম। পুরো ছবিটি আমি দেখেছি। ভালো গল্পের ছবি। এক বসায় ছবিটি দেখতে দর্শকদের মোটেও বিরক্তি আসবে না। নির্মাণও চমৎকার, সময়োপযোগী ছবি।’ সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুও ছবিটির প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘নির্মাতার প্রথম ছবি এটি। প্রথম ছবিতেই দারুণ গল্প বলতে পেরেছেন তিনি। স্পর্শিয়াও দারুণ অভিনয় করেছেন। ছবিটির প্রতি আমার শুভকামনা থাকল।’ সেন্সর বোর্ডের আরেক সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, ‘সত্যিই কাঠবিড়ালী ছবি দেখে আমি মুগ্ধ। গ্রামে শু¨টিং হয়েছে ছবিটির। দারুণ লোকেশন। গল্পটিও চমৎকার। পরিচালকের প্রথম ছবি হলেও বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন।’

তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শু¨টিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়ণের পর এবার পেল সেন্সর সনদ। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন। ছবিটি নিয়ে পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, ‘আমাদের স্বপ্নের ছবি কাঠবিড়ালী। এতে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। ছবিটিতে সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এখন নিয়ে আসছি দর্শকদের সামনে। ছবিটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে। এতে করে আত্মবিশ্বাস আরও বেড়েছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। এই চলচ্চিত্রে অভিনয় নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এটা আমাদের সবার ছবি। গত দুই বছর ধরে সবাই ছবিটি লালন করছি, বড় করছি। এবার ছবিটি মুক্তি দেওয়ার অপেক্ষা। কাঠবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন, সবার অভিনয়– সব কিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে। কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’

ছবিটিতে আরও অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে। নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে নির্মিত হয়েছে ‘কাঠবিড়ালী’।