সময়ের অভাবে সব কাজে শতভাগ মনোযোগ দিতে পারি না

এ সময়ের সবচেয়ে ব্যস্ত সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। নিয়মিত গাইছেন সিনেমার গান। একই সঙ্গে চলছে অডিও গান, মিউজিক ভিডিও, ভয়েস ওভার এবং স্টেজ শো। ব্যস্ত এই শিল্পীর সঙ্গে সমসাময়িক বিষয়ে কথা বলেছেন মাসিদ রণ

সময়ের অভাব...

যখন তারকাখ্যাতি পাইনি, তখনো আমি মাসের বেশিরভাগ সময় রেকর্ডিং নিয়ে ব্যস্ত থাকতাম। দিন দিন কাজের ড়্গেত্র অনেক বড় হয়েছে। ব্যস্ততার পরিমাণও স্বাভাবিকভাবে বেড়েছে। এতে করে ইচ্ছা থাকলেও সব কাজে পর্যাপ্ত সময় দিতে পারি না। একটি স্টেজ শো থাকলে আমি চাই সেটার জন্য শতভাগ প্রস্তুতি নিতে। সুন্দর করে সেজেগুজে, ভালো একটি পোশাক পরে যখন কোনো স্টেজে যাই সেদিন আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। সেদিন গান গাইতেও আলাদা ভালোলাগা কাজ করে। কিন্তু সব সময় তা পারি না। দেখা যাচ্ছে, ওইদিনই একটা রেকর্ডিং আমাকে করতেই হচ্ছে। এতে দুটি কাজের মধ্যে মনোযোগ ভাগ হয়ে যায়।

প্রধানমন্ত্রীকে গান শুনিয়ে...

আমি খুবই সম্মানিত ও আনন্দিত বোধ করেছি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে গাইতে পেরে। এই স্মৃতি আজীবন অমলিন হয়ে থাকবে।

‘বিশ্বসুন্দরী’র ‘তুই যদি আমার হবি রে’

এখন একটি নতুন গান মানুষের কাছে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হয়। সিনেমার গানে জনপ্রিয়তা সহজে আসে। কিন্তু এখন সিনেমা নির্মাণের সংখ্যা কমে গেছে। ফলে ভালো গানের সংখ্যা আরও কমে গেছে। সেদিক থেকে আমি সৌভাগ্যবান। কারণ, আমার কাছে প্রতি বছর যে গানগুলো আলোচিত হয় সে গানগুলোই আসে। এ বছর অনেকগুলো সিনেমার গান গাইলেও ‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই যদি আমার হবি রে’ আমার কাছে স্পেশাল। দর্শকও এরই মধ্যে সিয়াম-পরীমনি অভিনীত গানটি দারুণ পছন্দ করেছে। এরই মধ্যে ২ মিলিয়ন ভিউ হয়েছে গানটির। গানটি নিয়ে আমি আশাবাদী।

র‌্যাম্পের শো স্টপার...

ছোটবেলায় মাধুরী দক্ষিতকে দেখে নায়িকা হতেই চাইতাম। নাচও শিখেছিলাম অল্প-বিস্তর। কিন্তু পরবর্তী সময়ে গানের প্রেমে জোরালোভাবে আটকা পড়ি। কিন্তু এখনো নায়িকাদের কোনো কাজে আমাকে ডাকলে খুব খুশি হই। সম্প্রতি একটি ফ্যাশন শোয়ের শো স্টপার হয়ে র‌্যাম্পে হেঁটেছি। গানের বাইরে মাঝেমধ্যে আলাদা কিছু করতে ভালো লাগে। কিন্তু অনেক প্রস্তাব পেলেও ওই সময়ের অভাবে সব কাজ করা হয় না।

মাস জুড়েই স্টেজ শো...

এ মাসের প্রায় প্রতিটি দিন কোনো না কোনো স্টেজে গেয়েছি। সামনের দিনগুলোতেও গাইতে হবে। শুধু গত দুই দিন রেখেছিলাম রেকর্ডিংয়ের জন্য। এ দুই দিনে মোট পাঁচটি বিজ্ঞাপনের ভয়েস ওভার করেছি। আজ কোনো কাজ রাখিনি। একটি পারিবারিক দাওয়াত আছে। কাল থেকে আবার শুরু হয়ে যাবে টানা স্টেজ শোর ব্যস্ততা। ১৫ তারিখ গাইব উত্তরায়, ১৬ তারিখ বিজয় দিবসে অফিসার্স ক্লাবে, ১৭ তারিখ ঢাকা ক্যান্টনমেন্টে। এর পরের শোগুলো ঢাকার বাইরে হবে।