স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

ধামইরহাটে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রফুল্ল বর্মণ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম ধুরইল পচাকান্ত গ্রামে এ ঘটনা ঘটে। প্রফুল্ল উপজেলার রামপ্রসাদ বৈদ্যবাটি গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পচাকান্ত গ্রামের সপ্তম শ্রেণির ওই ছাত্রী একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল। গ্রামের নেপাল পাহানের বাড়ির সামনে কাঁচা রাস্তার মোড়ে তার পথরোধ করে টানাহ্যাঁচড়া করতে থাকে প্রফুল্ল। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদার বলেন, এ ঘটনায় গতকাল সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বেলা ১১টার দিকে প্রফুল্লকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।