চিকিৎসক-সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অচলাবস্থা দেখা দিয়েছে। রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসকের দেখা পাচ্ছেন না।
এ হাসপাতালে ১৫ জন চিকিৎসকের মধ্যে প্রতিদিন দুই থেকে তিনজন উপস্থিত থাকছেন। অথচ এখানে প্রতিদিন বহির্বিভাগে দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসকের দেখা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
সরেজমিন গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে দেখা যায় সব ডাক্তারের চেম্বারে তালা ঝুলছে। চিকিৎসকের দেখা না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন রোগীরা। সাড়ে ১০টার পর হাসপাতালে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুর রহমান ও আয়ুর্বেদিক চিকিৎসক আইয়ুব চৌধুরী। বাকি চেম্বারগুলোতে তখনো তালা ঝুলছে। এ হাসপাতালে ১৫ জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে ছয়জন সম্পªতি যোগ দিয়ে ছুটি নিয়েছেন বলে জানা গেছে। আগের ৯ চিকিৎসকের মধ্যে দুজন দেরিতে এলেও বাকি সাতজন কর্মস্থলে ছিলেন না। এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় সাংসদ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘বিষয়টি আমি দেখব।’
হাসপাতালে এক বছর বয়সী ছেলের চিকিৎসা নিতে আসা সদর উপজেলার বরিশল গ্রামের আশরাফুল বলেন, ‘ডাক্তারের জন্য অনেকক্ষণ ধরে বসে আছি। ছেলের অবস্থাও ভালো না। খুবই চিন্তায় আছি, ডাক্তার কখন আসে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, ‘ডিসেম্বর মাস হওয়ায় অনেকেই ছুটি কাটাচ্ছে। এই মাসে এমনই হয়। আমরা ২-৩ জন এখন হাসপাতাল চালাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ কোনো অভিযোগ দেয়নি।’
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ শাহ আলম বলেন, রবিবারের (আজ) পর থেকে কোনো ডাক্তার অনুপস্থিত থাকলে বা দেরিতে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।