পাকিস্তান সফরে যেতে খেলোয়াড়দের জোর করবে না বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সরকারের সবুজ সংকেত পেলেও পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়া হবে। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাজমুল হাসান এ কথা বলেন।

এফটিপি অনুযায়ী জানুয়ারিতে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে বাংলাদেশ আদৌ পাকিস্তান সফর করবে কিনা এবারে নিশ্চিত হতে আরো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

নাজমুল হাসান বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে সরকারের কাছে আবেদন করেছিলাম যে আমরা ছাড়পত্র পাব কি না। এর আগে আমাদের দুটো দল গিয়েছে। মেয়েদের একটা দল গিয়েছে, ছেলেদের একটা দল গিয়েছে। জাতীয় দলের জন্য ছাড়পত্রটা আমরা এখনো পাইনি। আমরা ধরে নিচ্ছি যে নিরাপত্তা ছাড়পত্র আমরা পাব। যখন আমরা ছাড়পত্র পাব, তখন সিদ্ধান্ত নিতে পারব।’

ছাড়পত্র পেলে তবেই পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। তবে পাকিস্তান সফরে যাওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়া হবে বলে জানান বিসিবি বস, ‘খেলোয়াড়দের মতামতও এখানে গুরুত্বপূর্ণ। তারা যেতে চায় কী না। যদি যেতে না চায় তাহলে যাবে না। এটা তো জোর করার কিছু নেই। বোর্ড থেকে কাউকে জোর করে পাঠানো হবে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, এখন পর্যন্ত আমার এই চিন্তা। কাউকে জোর করে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। বিকল্প টিম যাবে নাকি ওরাই যাবে সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত হয়ে পড়ে। তবে শেষ এক-দুই বছরে চিত্রটা বদলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের মাঠে ক্রিকেট ফেরাতে জোর তৎপরতা চালাচ্ছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা দল যেমন পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে।

তবে কিছুদিন আগেও শ্রীলঙ্কা দল সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট খেলতে পাকিস্তান সফর করেছিল। তখন অনেক শীর্ষ ক্রিকেটার নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে যায়নি। অনেক আন্তর্জাতিক ক্রিকেটারই পিএসএল সহ নানা সময়ে পাকিস্তান সফর থেকে নিজেদের বিরত রেখেছে।