তামাবিল দিয়ে ‘নিজ দায়িত্বে’ ভারতে প্রবেশ শুরু

এক দিন বন্ধ থাকার পর সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের শর্তসাপেক্ষে ভারতে প্রবেশ আবার শুরু হয়েছে। মেঘালয় রাজ্যে কারফিউ জারির কারণে গত শুক্রবার তামাবিল দিয়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ বন্ধ করেছিল দেশটির অভিবাসন কর্র্তৃপক্ষ। পরে গতকাল শনিবার দুপুর থেকে ভ্রমণকারীদের তামাবিল দিয়ে ভারতে প্রবেশ উন্মুক্ত করা হয়। তবে

ভ্রমণকারীদের ‘নিরাপত্তার দায় নিজেকেই নিতে হবে’ এমন শর্ত দিয়ে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে বলে তামাবিল বন্দরের অভিবাসন কর্মকর্তারা দেশ রূপান্তরকে জানিয়েছেন।

তামাবিল বন্দরের অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মওদুদ আহমেদ রুমি গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘নিরাপত্তার স্বার্থেই গত শুক্রবার ভ্রমণকারীদের প্রবেশ বন্ধ রেখেছিল ভারত। কারণ কারফিউয়ের কারণে শিলংসহ বিভিন্ন শহরের আবাসিক হোটেল ও দোকানপাট বন্ধ রয়েছে বলে ভারতের ডাউকি ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশকে জানিয়েছে। তবে কারফিউ অব্যাহত থাকলেও আজ (গতকাল) দুপুর ১২টা থেকে ভ্রমণকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে সে দেশের ইমিগ্রেশন কর্র্তৃপক্ষ।’

অভিবাসন কর্মকর্তা রুমি আরও জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত ৪৫ জন ভ্রমণকারী তামাবিল দিয়ে ভারতে গেছেন এবং দেশটি থেকে বাংলাদেশে এসেছেন ৬০ জন।

এদিকে তামাবিল দিয়ে এক দিন ভ্রমণকারীদের ভারতে প্রবেশ বন্ধ থাকলেও পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়া নিয়ে ভারতের আসাম ও মেঘালয়ে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে। মূলত ব্যবসায়ী ও পর্যটকরা তামাবিল হয়ে ভারতে যান। ব্যবসায়ীদের বেশির ভাগই কয়লা আমদানির সঙ্গে জড়িত। অন্যদিকে পর্যটকরা এই পথ ব্যবহার করে মেঘালয়ের শিলংয়ে বেড়াতে যান।