মহেশপুর সীমান্তে আরও ৬ অনুপ্রবেশকারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর আরও ৬ জনকে আটক করেছে বিজিবি।

রবিবার সকালে উপজেলার সস্তা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন নারী-পুরুষ প্রবেশ করেছেন- এমন খবরের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়।

এ সময় সস্তা বাজার থেকে ৩ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশুকে আটক করা হয়।

বিজিবি’র জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারত গিয়েছিলেন। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- নড়াইল জেলার ১ জন, পিরোজপুর জেলার ১ জন ও ময়মনসিংহ জেলার ৪জন।

তারা সকলে ভারতের চেন্নাই ও মুম্বাইয়ে বাস করতেন।

এ নিয়ে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ৩১১ জন আটক হয়েছে। আটক প্রত্যেকেই নিজের বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করেছেন বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, আটকদের নামে পাসপোর্ট অধ্যাদেশে থানায় মামলায় হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।