দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাকে’ অভিনয় করে বড়পর্দার দর্শকদের কাছে পরিচিতি পান দিপু ইমাম। বর্তমানে তার হাতে আছে পাঁচটি ছবি। এর মধ্যে দুটি মুক্তি পাবে সামনের বছরের দুই ঈদে।
অবশ্য দিপু ইমামের অভিনয়ের হাতেখড়ি মঞ্চে। প্রায় ২৫ বছর ধরে অভিনয় করছেন এই মাধ্যমে। ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে সিনেমায় অভিষেক হয়। সামনে তাকে দেখা যাবে মিশন এক্সট্রিম, অপারেশন সুন্দরবন, ঢাকা ২০৪০, গিরগিটি এবং নাম গোপন থাকা আরেকটার চলচ্চিত্রে।
এর মধ্যে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে ঈদুল ফিতরে। সেখানে ছোট্ট, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। আরিফিন শুভর সঙ্গে দিপু ইমামের রসায়ন ‘ঢাকা অ্যাটাকের’ মতো দর্শক এখানেও উপভোগ করবেন। তবে চরিত্রটি কিছু বলতে মানা আছে- জানালেন অভিনেতা।
ঈদুল আজহায় আসবে দীপনের ‘অপারেশন সুন্দরবন’। এখানে দিপুর চরিত্রের নাম টাই হারুন। প্রায় এক মাস ধরে পরিচালকের নির্দেশনায় চরিত্রের ভাষা ও অভিব্যক্তিসহ খুঁটিনাটি বিষয়গুলো তামিল নিচ্ছেন অভিনেতা। এই চরিত্রটিও চমক হিসেবে রাখতে চান দিপু। এখনই কিছু ফাঁস করতে চান না। ছবিতে তার সঙ্গে আছেন রিয়াজ, সিয়াম, তাসকিনের মতো তারকারা। আর প্রথম লটের শুটিং শুরু হবে ১৭ ডিসেম্বর।