গাজীপুরে ফ্যান কারখানায় আগুন প্রাণ গেল ১০ জনের

গাজীপুরে লাক্সারি ফ্যান তৈরির কারখানায় গতকাল রবিবার আগুন লেগে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় অবস্থিত কারখানাটির এ দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও দুই শ্রমিক। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ১০ জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– রংপুরের ফরিদুল ইসলাম (১৮), গাজীপুরের শ্রীপুরের রাশেদ (২৫) ও শামীম (২৬) এবং সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশরিতা এলাকার উত্তম (২৫)। আহতরা হলেন– বাড়িয়া ইউনিয়নের কেশরিতা এলাকার আনোয়ার হোসেন (২৬) ও জামুনা এলাকার হাসান (১৯)।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশীদ দেশ রূপান্তরকে জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়। আহত দুজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামুনুর রশীদ জানান, দরজার কাছে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর শ্রমিকরা ভেতরে চলে যান। পরে চারদিকে আগুন ছড়িয়ে পড়লে তারা ভেতরে আটকা পড়েন। আগুনে পুড়ে যাওয়ার পাশাপাশি দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে দোতলা একটি বাড়িতে কারখানাটি গড়ে ওঠে। কারখানাটির মালিক চারজন। গতকাল আগুন লাগার পর তাদের কাউকেই দেখা যায়নি। দোতলার ছাদে টিনশেড ঘরে কারখানার আরমেচার শাখা। সেখান থেকেই আগুন লাগে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে এই কমিটিতে সাত কার্যদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে লাশ পরিবহন ও দাফনের জন্য।