প্রতিবেশী বাবা-ছেলেকে পিটিয়ে আলোচনায় প্রভীন কুমার

ভারতের সাবেক পেসার প্রভীন কুমারের বিরুদ্ধে প্রতিবেশীদের মারধরের অভিযোগ উঠেছে। সাত বছরের ছেলেসহ এক ব্যক্তিকে তিনি পিটিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

ভুক্তভোগী দীপক শর্মার দাবি, প্রভীন ওই সময় মাতাল ছিলেন। তার অভিযোগ, পুলিশকে বিষয়টি জানালে মামলা না নিয়ে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’কে জানাতে বলেন।

দীপক বলেন, ‘বিকেল তিনটার দিকে আমি বাসস্ট্যান্ডে ছেলের জন্য অপেক্ষা করছিলাম। কুমার এসেই তার গাড়ি থেকে নেমে বাসচালককে মারতে থাকে। এরপর আমাকে।’

‘ধাক্কা দিয়ে আমর হাত ভেঙে দিয়েছে। আমার ছেলেকেও মেরেছে। ও পেছনে আঘাত পেয়েছে। পুলিশ এখন মীমাংসা করতে চাপ দিচ্ছে।’

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় দলে খেলেছেন প্রভীন। ওয়ানডে খেলেছেন ৬৮টি, ছয়টি টেস্টও খেলেছেন। শুরুতে খুব একটা কার্যকরী বোলার ছিলেন না। এক সময় ধোনির অধিনায়কত্বে ভালো করতে থাকেন। সুইং আর লাইন-লেংথের কারণে মোটামুটি নিয়মিত হয়ে যান দলে। গত বছর অবসর নিয়ে নাম লেখান রাজনীতিতে।