রিয়ালের সামনে ম্যানসিটি, বার্সেলোনার মুখোমুখি নাপোলি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেই হাইভোল্টেজ সব ম্যাচের ছড়াছড়ি। যেখানে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটিকে। লিভারপুল খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের। আর বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি।

সোমবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের নিয়নে ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়।

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায়। এবার কোয়ার্টারে উঠতে হলে সেই দলটাকে হারাতে হবে জিনেদিন জিদানের রিয়ালকে। রেকর্ড বলছে দুই দলের শেষ চার দেখায় সিটি দুইবার ড্র করেছে, আর দুই ম্যাচে হেরেছে।

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস খেলবে অলিম্পিক লিয়নের বিপক্ষে। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।

হোসে মরিনহোর কোচিংয়ে বদলে যাওয়া টটেনহ্যাম হটস্পার খেলবে আরবি লেইপজিগের বিরুদ্ধে। চেলসির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের খেলা। প্রথম লেগের খেলা হবে ১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগের খেলাগুলো হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ।