শহীদদের নামফলক স্তম্ভে জুতা পায়ে বিএনপি নেতা

বিজয় দিবসে শহীদদের নামফলক স্তম্ভে জুতা পায়ে উঠে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই, দলটির জেলার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সূর্যোদয়ের পর জেলা বিএনপির পক্ষ থেকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণে যান পৌর এলাকার কালীবাড়ির সাধারণ পাঠাগার চত্বরে মুক্তিযুদ্ধে শহীদদের নামফলক স্তম্ভে। সেখানে জুতা পায়ে ওঠেন ফয়সল আমীন। এ সময় আরও কয়েকজনকে জুতা পায়ে উঠতে দেখা গেছে। 

ঠাকুরগাঁওয়ের সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রনি ফেইসবুকে ছবিগুলো আপলোড করে লেখেছেন ‘বিজয় দিবসে ঠাকুরগাঁও বিএনপি নেতারা জুতা পায়ে শহীদ বেদিতে, কী সেলুকাস!’ এ স্ট্যাটাসে নানান জন নানা মন্তব্য করছেন। আলমগীর হোসাইন রনি নামে একজন লিখেছেন ‘খুবই দুঃখজনক’।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী বলেন, ‘জুতা পায়ে নামফলক স্তম্ভে উঠে শহীদদের অপমান করা হয়েছে।’ মির্জা ফয়সল আমীন বলেন, ‘এটা শহীদ বেদি নয়, নামফলক। সেখানে জুতা পায়ে ওঠা যাবে না; এটা জানা ছিল না। অনেকে রাজনৈতিকভাবে হেয় করতে এর অপব্যাখা দিচ্ছেন।’ ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান বলেন, ‘শহীদদের নামফলক হলেও সেখানে কোনোভাবে কেউ জুতা পায়ে উঠতে পারে না। ফয়সাল আমীন শহীদদের চরম অপমানিত করেছেন।’