বিজয় দিবসের কর্মসূচিতে বাধা

না.গঞ্জে ওসিকে পেটাল বিএনপি নেতাকর্মীরা

নারায়ণগঞ্জে বিজয় দিবস উপলক্ষে বিএনপির একটি অঙ্গ সংগঠনের বের করা র‌্যালিতে বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নাল আবেদীন। গতকাল সোমবার সকালে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনকে মারধরের পাশাপাশি তার ইউনিফর্ম ধরেও টানাটানি করে বিএনপি কর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে গিয়ে লাঠিপেটা করে র‌্যালিটি ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই ঘটনার পর বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব, কামরুল ও মামুন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা জানান, বিজয় দিবস উপলক্ষে প্রজন্ম ’৭১ নামে বিএনপির একটি অঙ্গ সংগঠন র‌্যালি বের করে। মহানগর বিএনপির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখতে আদালতের স্থগিতাদেশে থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান এই র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিটি সকাল সাড়ে ১০টার দিকে ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় সদর মডেল থানার পরিদর্শক           

জয়নাল আবেদীন তাদের ব্যানার কেড়ে নিলে তার ওপর চড়াও হয় মিছিলকারীরা। পরে তারা ধাওয়া করে পরিদর্শক জয়নাল আবেদীনকে লাঞ্ছিত করে ও পোশাক ধরে টানাটানি করতে থাকে। তার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ গিয়ে মিছিলকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে জয়নাল আবেদীনকে উদ্ধার করে। এর কিছু সময় পরেই শহরের মিশনপাড়া এলাকা থেকে বিএনপি নেতা মনিরুল আলম সজলের নেতৃত্বে আরেকটি মিছিল বের হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপির মিছিল থেকে উচ্ছৃঙ্খল কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।’

অন্যদিকে সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. আসাদুজ্জামান গতকাল বিকালে দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিদর্শক জয়নাল আবেদীনকে লাঞ্ছিতের ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন খানের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’