শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতিশীল নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। গতকাল সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রশংসা ব্যক্ত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নরেন্দ্র মোদি ৩০
মিনিটের বৈঠকে শেখ হাসিনার প্রতি তার শুভেচ্ছা জানান এবং আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদানের জন্য তাকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানানোর জন্য তার প্রশংসা ব্যক্ত করেন। মোদি দূতকে বলেছেন, ‘আমি অনুষ্ঠানে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছি।’
ভারতের প্রধানমন্ত্রী বিদায়ী হাইকমিশনারের পাঁচ বছরের মেয়াদকে সোনালি অধ্যায় হিসেবে উল্লেখ করে ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদানের জন্য ধন্যবাদ জানান। হাইকমিশনার এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী একটি নকশিকাঁথা উপহার দেন। বাসস।