রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানো ফুল ও ব্যানার-ফেস্টুন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বিজয় দিবস উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন, প্রশাসন, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি জানায়।
সোমবার রাতে কে বা কারা বঙ্গবন্ধু চত্বরে শ্রদ্ধাঞ্জলি জানানোর ফুল ও ফেস্টুন-ব্যানার ভাঙচুর করে। সেইসঙ্গে শ্রদ্ধাঞ্জলি জানানোর ফুলগুলো রাস্তায় চত্বরের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রাখে।
মঙ্গলবার সকালে এ খবর জানাজানি হলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে ভিড় জমায়। এ অবস্থায় সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
এ প্রসঙ্গে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান শফি জানান, ১৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে যারা ফুল ও ব্যানার ফেস্টুন ভাঙচুর করেছে তারা এটা নিশ্চয়ই ঘৃণিত অপরাধ করেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ম্যুরালের পাশে চা দোকানদার রফিক জানান, বঙ্গবন্ধু সবার শ্রদ্ধেয় ব্যক্তি। তার ম্যুরালে ফুল ও ব্যানার-ফেস্টুন ছেঁড়া এটা মোটেই ঠিক হয়নি।
তিনি বলেন, সকালে দোকান খুলতে এসে দেখে ফুল ও ফেস্টুনগুলো দেখি ছেঁড়া এবং এলোমেলো কারা রাতের আধারে এগুলো করে নিয়ে গেছে তিনি তা জানেন না।
এ প্রসঙ্গে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়া ফুলগুলো ও ব্যানার ফেস্টুনগুলো যারা ছিঁড়ে ফেলেছে খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।