চট্টগ্রাম নগরের ৪১ টি ওয়ার্ডের ডিজিটাল ম্যাপ প্রণয়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নে শিগগিরই আইডব্লিউএম এর সঙ্গে চুক্তি সম্পাদিত হবে।
মঙ্গলবার দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট হলে চসিকের ৫৩তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এ তথ্য জানান। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চসিকের বছরব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, জিওগ্রাফিকাল ইনফরমেশন সিস্টেমের (জিআইএস) আওতায় নগরের প্রতিটি ওয়ার্ডকে আলাদাভাবে একটি কেন্দ্রীয় জিওগ্রাফিকাল ইনফরমেশন সিস্টেমের আওতায় আনা হবে।
সিটি মেয়র বলেন, নগরের কোনো জিআইএস ডিজিটাল ম্যাপ নেই। নগরে কী কী সম্পদ আছে তা সকলের জানা উচিত। এমনকি সিটি করপোরেশন স্বার্থ সংরক্ষণে এই ম্যাপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একটি শহরের সকল তথ্য উপাত্ত আদান-প্রদান নগর-পরিকল্পনার ক্ষেত্রে জিআইএস পদ্ধতি যুগান্তকারী ভূমিকা পালন করবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে। করপোরেশনের আয় বৃদ্ধিতেও জিআইএস পদ্ধতি কার্যকরী ভূমিকা পালন করবে।
চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলমের সঞ্চালনায় সভায় চসিক প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিক প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম প্রমুখ বক্তব্য রাখেন।