বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত ১৭৬ জন কর্মচারী ৩ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৩ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি চলে।
এ সময় তারা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছি আমরা ১৭৬ জন কর্মচারী। এখন আমাদের চাকরির নিশ্চয়তাও নেই। আমাদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ, চাকরি স্থায়ীকরণ ও দৈনিক মজুরি ভিত্তিতে কর্মচারীর স্থায়ী নীতিমালা করতে হবে। আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহজাহান জানান, ‘তাদের নিয়োগ দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে তাদের বিষয়ে ইউজিসি এবং সংশ্লিষ্ট কতৃ©পক্ষকে অবহিত করা হয়েছে।’ উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর থেকে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারীরা তাদের ৩ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।