সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

দুই জনপ্রতিনিধিকে নগ্ন করে নারী দিয়ে ভিডিও ধারণের অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির অ্যাম্বাসেডর (আমার এমপি ডটকম) ও জয়যাত্রা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকাশ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও পাঁচজনের নামে দুটি মামলা হয়েছে।

গত সোমবার রাতে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সে। মামলার অন্য আসামিরা হলো– বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন ও সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দীপ। আদালত সূত্র জানায়, সাতক্ষীরা থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা ২৮ নম্বর মামলার বাদী একজন জনপ্রতিনিধি। তিনি দায়ের করা মামলার এজাহারে বলেন, আসামিরা তাকে একটি রুমে ঢুকিয়ে নগ্ন করে নারী দিয়ে ভিডিও করে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করে। এই মামলায় উক্ত পাঁচজনকে আসামি করা হয়েছে।

অপর মামলার বাদীও একজন জনপ্রতিনিধি। এই মামলার ঘটনায়ও একইভাবে ওই জনপ্রতিনিধিকে নগ্ন করে ভিডিও করার অভিযোগ করা হয়েছে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৪ লাখ টাকা আদায় করা হয়। এ মামলার আসামি আকাশ ও সাদিক। এ মামলায় আকাশ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।