চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড

আন্তর্জাতিক নৌ-সংস্থার (আইএমও) মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি দেখতে চট্টগ্রাম বন্দরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই সদস্যের প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার তারা বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বন্দর সূত্র জানায়, গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে কিছু নির্দেশনা দিয়েছিল। এর মধ্যে ছিল পণ্য ডেলিভারি পয়েন্ট বন্দরের বাইরে নিয়ে যাওয়া, সাইবার নিরাপত্তা বৃদ্ধি, উন্নতমানের আধুনিক যন্ত্রপাতি স্থাপন, সঠিক নজরদারি ও আন্তর্জাতিক সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা। নির্দেশনাগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে তা দেখতে যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি লিয়াজেঁা অফিসার ওয়েড থমসন ও বন্দর নিরাপত্তা বিশেষজ্ঞ স্কট ওল্যান্ড গতকাল চট্টগ্রাম আসেন। তারা বন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

চট্টগ্রাম বন্দর কতৃ©পক্ষের সচিব মো. ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আরএসপিএস) কোড বাস্তবায়নে ইতিপূর্বে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড প্রতিনিধিদল একাধিকবার বন্দর পরিদর্শন করেছে। এ সময় তারা বন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেন। সেসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি দেখতেই তারা এসেছেন।

তিনি বলেন, বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় যেসব অগ্রগতি হয়েছে তা আমরা তাদের কাছে তুলে ধরেছি। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বন্দরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। পণ্য পরীক্ষার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে বন্দর গেটে নতুন দুটি স্ক্যানার মেশিন স্থাপন করেছে। অবাঞ্ছিত লোকজনের প্রবেশ রোধে বন্দরের গেটগুলোতে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমস বসানো হয়েছে। বন্দরের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক লোককে দেওয়া হয়েছে ডিজিটাল পোর্ট এন্ট্রি পাস। এসব অগ্রগতিতে তারা স‡ন্তাষ প্রকাশ করেছেন। আমরা জানিয়েছি, বন্দরের ভেতর থেকে পণ্য ডেলিভারি পয়েন্ট বাস্তবায়নাধীন বে-টার্মিনালে নিয়ে যাওয়া হবে।

বন্দর সচিব জানান, বুধবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড টিমের সদস্যরা একটি ট্রেনিং সেশনে অংশ নেবেন এবং বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফিরে যাবেন।