দুই কুকুর ছানার জীবন বাঁচালো ফায়ার ফাইটাররা

পঞ্চগড়ে ড্রেনে পড়ে যাওয়া ছোট্ট দুই কুকুর ছানার জীবন বাঁচালেন ফায়ার ফাইটাররা। বড় দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডে জরুরি সেবা দিয়ে আসলেও ছোট্ট এই প্রাণী দুটির জীবন রক্ষা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পঞ্চগড়ের ফায়ার ফাইটাররা।

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে পঞ্চগড় জেলা শহরের ইসলামবাগ এলাকায়। এরই মধ্যে প্রাণীদের প্রতি ফায়ার সার্ভিসের কর্মীদের ভালোবাসার এই খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসা আসতে থাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে জেলা শহরের ইসলামবাগ মসজিদ সংলগ্ন সড়কের পাশের পৌরসভার ড্রেনটিতে অসাবধানতাবশত পড়ে যায় ছোট্ট দুটি কুকুর ছানা। পড়েই তারা পানির সঙ্গে ড্রেনের ভেতরে চলে যায়। কুকুর ছানা দুটি বাঁচার জন্য অবিরাম কান্না করছিল। ড্রেনের উপরে কান্না করছিল কুকুর ছানা দুটির মাও।

পাশেই অবাক হয়ে দেখছিল বাকি ছানাগুলোও। কিন্তু মা ও ছানার কান্না পথের পাশ দিয়ে যাওয়া কোনো পথিকের হৃদয় তখনো স্পর্শ করেনি। মসজিদ থেকে আসরের নামাজের শেষে ফেরার পথে মসজিদের ইমান, মুয়াজ্জিন ও মুসল্লিরা এই দৃশ্য দেখতে পান। শুরুতে তারা নিজেরা কুকুর ছানা দুটি উদ্ধারের চেষ্টা করেন।

পরে ব্যর্থ হয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একটি দল। কোনো কথা না বাড়িয়ে দ্রুত তারা নেমে পড়েন কুকুর ছানা দুটি উদ্ধারে।

ফায়ার লিডার সলেমান আলীর নেতৃত্বে কুকুর ছানা দুটি উদ্ধারে ড্রেনে নেমে পড়ে ফায়ার ফাইটার আবু সাইদ, মাসুদ রানা, নাহিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন। তাদের সহযোগিতা করেন গাড়ি চালক শাহিনুর ইসলাম।

সাধারণভাবে উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ড্রেনের দুপাশে পানির গতিপথ বন্ধ করে দিয়ে মেশিনের মাধ্যমে পানি সেচতে শুরু করেন। ততক্ষণে আশপাশে ভীড় জমে অসংখ্য কৌতুহলী মানুষের। কুকুর ছানা দুটি উদ্ধারে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। একের পর এক পদ্ধতি প্রয়োগ করছেন। এদিকে ড্রেনের মধ্যে থাকা ছানা দুটির আওয়াজও ক্ষীণ হয়ে আসছে। তাদের বাঁচার আশাও কমে আসছিল। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর কুকুর ছানা দুটি জীবিত উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে কুকুরছানা দুটিকে ধুয়ে মুছে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় তারা।

এই দৃশ্য দেখার জন্য শত শত স্থানীয় মানুষ জড়ো হয় ঘটনাস্থলে। কেউবা আবার তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়। কুকুর ছানা দুটিকে জীবিত উদ্ধার করায় সন্তোষ প্রকাশ করে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাণীদের প্রতি এই ভালোবাসাকে বাহবা দিচ্ছেন স্থানীয়রা।

সেই সাথে সফলভাবে ছোট্ট কুকুর ছানা দুটিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে উচ্ছ্বসিত উদ্ধারে অংশ নেওয়া ফায়ার ফাইটাররাও।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের ফায়ার লিডার সলেমান আলী বলেন, কুকুরও একটি জীব। কুকুর ছানা দুটিতে জীবিত উদ্ধার করতে পেরে আমরাও আনন্দিত।