অপ্রত্যাশিত অভিজ্ঞতা আবিষ্কারে অতিথিদের সাহায্য করার লক্ষ্যে আন্তর্জাতিক লাইফস্টাইল হোটেল ব্র্যান্ড ‘রেনেসাঁ হোটেল’ যাত্রা শুরু করল বাংলাদেশে। গতকাল গুলশানে এক সংবাদ সম্মেলনে রেনেসাঁর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান ড. এইচ বি এম ইকবাল।
ইকবাল বলেন, ‘ঢাকায় ম্যারিয়ট ইন্টারন্যাশনালের এই নবতম সংযোজন আনতে পেরে আমি খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি সর্বোচ্চ পর্যায়ের সেবা দেওয়ার মাধ্যমে এই শহরে আগত সব পর্যটকের জন্য এটি তীর্থস্থান হতে যাচ্ছে।’ ১৯ তলাবিশিষ্ট এই হোটেলে ২১১টি রুমের পাশাপাশি রয়েছে পুলসাইড রেস্টুরেন্ট। সামাজিক অনুষ্ঠান সহযোগে বড় মাপের বৈঠক, সম্মেলন এবং বিয়ের আয়োজনের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে। অবসর যাপনের অতিরিক্ত সুবিধা হিসেবে এখানে রয়েছে একটি সম্পূর্ণ ফিটনেস সেন্টার, একটি বড় পুল এবং বিলাসবহুল স্পা।