নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীর ঘাঘা এলাকায় নদীভাঙন রোধে চলমান বাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এ এম এম আমিনুল ইসলাম।
সম্পªতি স্থানীয়রা চলমান কাজে বিভিন্ন অনিয়মের বিষয়ে দুদকে অভিযোগ করার পর গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এই পরিদর্শন করেন।
এ সময় তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে কাজের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।
প্রসঙ্গত, ১১ কোটি টাকা ব্যয়ে ৪১০ মিটার স্থায়ী নদীতীর প্রতিরক্ষা কাজ ২০১৯ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০১৯ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজটি শেষ না হওয়ায় এ বছরের নদীভাঙনে অর্ধশতাধিক বাড়িঘর, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। নির্ধারিত সময়ের পর ছয় মাস পার হলেও বর্তমানে ৩৫% কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার জসিম উদ্দিন, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার উপস্থিত ছিলেন।